বিশ্বকাপের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে বিতর্কের পর ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে ফুটবল বিশ্বে মতবিরোধ আরও তীব্র হয়েছে। এবার সরাসরি তার পদত্যাগ দাবি করেছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। একই সময়ে মেক্সিকো ও আর্জেন্টিনা তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে।
শুক্রবার নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেজ ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানান। তার ভাষ্য, ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনার জন্য ইনফান্তিনোর প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা আর নেই।
ক্লাভেনেজ বলেন, ‘বর্তমান সময়ে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনা করার জন্য তার (ইনফান্তিনো) যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন, তা নেই। ইনফান্তিনোর আর আগের আস্থায় ফেরার কোন উপায় নেই। আন্তর্জাতিক ফুটবল সহযোগিতা মারাত্মক সংকটে পড়েছে, এবং আমাদের এখন একত্রিত হওয়ার একটা কারণ দরকার, আর আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করতে বলতে চাই।’
নরওয়ের অবস্থানকে উয়েফার অন্য কয়েকটি সদস্য দেশের সাম্প্রতিক পদক্ষেপের চেয়ে কঠোর হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ড, ওয়েলস, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলেও সরাসরি তার পদত্যাগ দাবি করেনি।
উয়েফার কৌশল নিয়ে ক্লাভেনেজ বলেন, ‘উয়েফা বোর্ডের কৌশল যদি এটাই হয়, তবে শেষপর্যন্ত অন্য কোন কোন দেশ এতে যোগ দেবে তা আমরা দেখব। আমরা উয়েফা বোর্ডের কোন বিশেষ বৈঠকের জন্য অনুরোধ করব না, ফিফার সাথে আমাদের সংলাপে আমরা তাকে পদত্যাগ করতে বলব।’
ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নেওয়া পক্ষগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল পরিচালনাকারী সংস্থা কনক্যাকাফ। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের পর কনক্যাকাফ ইনফান্তিনোর সভাপতিত্বের ব্যাপক পর্যালোচনার আহ্বান জানিয়েছে।
উয়েফাও ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) প্রস্তাবকে তারা ‘একটি নিকৃষ্ট, গোপন ও অস্বচ্ছ চুক্তির পথ’ হিসেবে আখ্যা দিয়েছে।
তবে সমালোচনার পাশাপাশি ইনফান্তিনোর পক্ষে অবস্থানও স্পষ্ট হয়েছে। ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো শুক্রবার তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। মেক্সিকান ফুটবল অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করা এবং ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি দেশটি আস্থা প্রকাশ করেছে।
মেক্সিকান ফুটবল ফেডারেশন আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফের সঙ্গে মতবিরোধের মধ্যেই এই সমর্থন জানিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার প্রশংসা করেছে।
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এতে ফিফা সভাপতি হিসেবে তার এক দশকের মেয়াদকে একটি সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ শাসন মডেলের উপর ভিত্তি করে এগিয়ে নিচ্ছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করছে।’
আফ্রিকান ফুটবল কনফেডারেশনও ইনফান্তিনোকে সর্বসম্মত সমর্থন দিয়েছে। ফলে বিশ্বকাপের স্বত্ব নিয়ে বিতর্ককে কেন্দ্র করে ফিফা সভাপতির নেতৃত্বের পক্ষে-বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে।