ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ৮৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ১৫৮ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কেন্দ্রভিত্তিক এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
আসনটিতে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।