ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পর সংগঠনটির এক সাবেক সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়। বৈঠা ও লাঠি হাতে মিছিলকারীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘুরে হরি এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। কর্মসূচি শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। মিছিলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম ও রাকিব মণ্ডলসহ অন্যরা অংশ নেন।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় কর্মসূচিটির আয়োজন করা হয়।
মিছিলের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুদ (৩০) এবং ছাত্রলীগকর্মী মো. সজিব মিয়া (২০)। তাঁরা দুজনই ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মিছিলের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।