চাঁদপুরের মতলব উত্তরে এক মাহফিলে সাংবাদিকদের একাংশের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক প্রচার না করার অভিযোগ তুলে তিনি ওই সাংবাদিকদের ‘কুত্তার মতো পিটানো দরকার’ বলে মন্তব্য করেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে আব্বাসী বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে ইশরাকের উদ্দেশ্য মহৎ ছিল। তবে পিস্তল উঁচিয়ে অভিযান পরিচালনার পদ্ধতিকে তিনি ভুল বলে উল্লেখ করেন।
সাংবাদিকদের একাংশের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে আব্বাসী অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে তারা পিস্তল হাতে ইশরাকের দৌড়ানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এ ধরনের সাংবাদিকতাকে ‘হলুদ সাংবাদিকতা’ আখ্যা দিয়ে তিনি এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তার মতে, সাংবাদিকেরা অভিযানের ইতিবাচক দিক তুলে ধরলে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। একই সঙ্গে দেশে মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিকভাবেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
মাহফিলে আওয়ামী লীগের সমর্থকদের উপস্থিতি নিয়েও কথা বলেন আব্বাসী। তিনি বলেন, সেখানে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও রয়েছেন। আওয়ামী লীগে কেউ নেই—এমন দাবি মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি তাদেরও দেশ, তারা কোথায় যাবে?’
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি আরও বলেন, খুনিদের শাস্তি হওয়া উচিত। তবে নিরীহ ব্যক্তিদের ক্ষমা করে দেওয়া দেশের জন্য কল্যাণকর হবে।