এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকের কিছু বেশি পাস করেছে। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গত বছরের ফলের সঙ্গে তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ছিলেন। ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর বসাতে হবে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফল ডাউনলোড করতে পারবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।