আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ইউনিয়ন কমিটি গঠন, নেতৃত্বের বয়সসীমা ও চেয়ারম্যান পদপ্রার্থী বাছাইয়ের সময়সীমা নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন এবং এনসিপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জেলা কমিটির তত্ত্বাবধানে উপজেলা কমিটির নেতৃত্বে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ৩১ থেকে ৫১ সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সদস্যসংখ্যা ৩১ জনের কম হলে সেটি আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। তবে আংশিক কমিটিতে অন্তত ১১ জন সদস্য থাকতে হবে। এমন কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
ইউনিয়ন কমিটিতে প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে দলটি। পাশাপাশি নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করতে বলা হয়েছে।
কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে বয়স ও শিক্ষার্থী পরিচয় নিয়েও বিধিনিষেধ দিয়েছে এনসিপি। নির্দেশনায় বলা হয়েছে, জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের কোনো কমিটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী রাখা যাবে না। তাঁরা ছাত্রশক্তিতে কাজ করবেন। এ ছাড়া ৩০ বছরের কম বয়সী কাউকে এনসিপির কমিটিতে রাখা যাবে না। এই বয়সসীমার নিচে থাকা, তবে বর্তমানে শিক্ষার্থী নন—এমন ব্যক্তিরা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তি বা দলের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন।
নেতৃত্বের বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর; তবে ৪০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া ভালো। সদস্য সচিবের ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর। এসব পদে স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের গুরুত্ব দিতে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাছাইয়ের জন্যও সময়সীমা বেঁধে দিয়েছে দলটি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে এনসিপি-সমর্থিত প্রার্থী নির্ধারণ করে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে তালিকা পাঠাতে হবে। এ জন্য তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে—প্রথম তালিকা ১০ নভেম্বর, দ্বিতীয় তালিকা ২০ নভেম্বর এবং সর্বশেষ তালিকা ৩০ নভেম্বর পাঠাতে হবে।
এদিকে, দলীয় নির্দেশনায় বিভিন্ন স্তরের কমিটির সদস্যসংখ্যাও নির্ধারণ করা হয়েছে। মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যের, উপজেলা, পৌরসভা ও থানা কমিটি ৭১ সদস্যের, ইউনিয়ন কমিটি ৫১ সদস্যের এবং ওয়ার্ড কমিটি ৩১ সদস্যের।