গোপালগঞ্জে পুলিশের নিয়মিত টহলের সময় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়া।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেন।
ওসি আরও জানান, হামলার পর মিছিলে থাকা ব্যক্তিরা পুলিশ সদস্যদের ধাওয়া করেন। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওসি।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন মো. আমিনুল ইসলাম।