চট্টগ্রাম নগরীতে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা বলে দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায়ই কথা হয় বলেও তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর হালিশহর থানার আই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুবেল ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরীর খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রুবেল ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের টেলিগ্রাম গ্রুপটির পাশাপাশি ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়া ‘Mohammad Sahidul Islam’ নামের নিজের ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার ভাষ্য, রুবেল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। পাশাপাশি হালিশহরসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
ওসি জয়নাল আবেদীন মন্ডল আরও জানান, রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে।