বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ছয় মাসে তার অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সরকারের নিজের প্রকাশিত তথ্য ও মূল্যায়নের প্রসঙ্গও টানেন তিনি। নাহিদ বলেন, “সরকার তাদের ১৮০ দিন অতিবাহিত করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কী রকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কী রকম ছিল, ১৮০ দিন উপলক্ষে সরকার নিজেরা প্রেস ব্রিফিং করেছে। তারা একটা ই-বুক প্রকাশ করেছে।”
এসব পর্যালোচনার পর সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতি দেখেছেন বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “দেখেছি, তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি।”
সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে নির্ধারণ করা অগ্রাধিকারগুলোর কথাও তুলে ধরেন নাহিদ। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকে পরবর্তী ১৮০ দিনের জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল।
সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এসব ক্ষেত্রে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ বলেন, “এই ৬ মাসে তিনটি বিষয়েই তারা নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
দেশের বর্তমান সংকট নিয়েও সরকারের জবাবদিহির ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তার দাবি, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা থাকার পরও সরকার নিজেদের কার্যক্রমকে সফল হিসেবে তুলে ধরছে।
নাহিদ ইসলাম বলেন, “দেশে যে সংকট তৈরি হয়েছে, সে বিষয়েও তাদের জবাবদিহিতা নেই। ব্যর্থতার পরও তারা নিজেদের সফলতা দাবি করছে।”
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরতেই এনসিপি এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে।