বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতেই রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, বিএনপির পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী আহমেদ এই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দলের মুখপাত্র হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন।