নোয়াখালীর সেনবাগে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার সালিশে অংশ নেওয়ার পর ফেরার পথে হামলার শিকার হয়েছেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কানকিরহাট বাজার এলাকায় তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হারুনুর রশিদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধ ও সংঘাতের সৃষ্টি হয়। ওই ঘটনায় বীরকোট গ্রামের একজন আহত হন।
বিরোধ মেটাতে মঙ্গলবার রাতে কানকিরহাট বাজারে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। হারুনুর রশিদ সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে ফেরার সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
হামলার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি বিরোধের জেরে বিএনপি নেতা হারুনুর রশিদের ওপর হামলার খবর পুলিশ পেয়েছে। গুরুতর আহত হওয়ায় তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।