মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন টম হল্যান্ড। বিশ্বের বেশিরভাগ দেশের আগে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে, আগামী ৩০ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম সিনেমা এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের সিনেমাগুলোর মতো এবারও পিটার পার্কার ও স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোও রয়েছেন পরিচিত চরিত্রে।
তবে এবার কাস্টে যুক্ত হয়েছে কয়েকটি নতুন মুখও। ‘আসোকা’ সিরিজের অভিনেতা ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। আর মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে জন বার্নথাল আবারও ফিরছেন ফ্র্যাঙ্ক ক্যাসেল, অর্থাৎ দ্য পানিশার চরিত্রে।
গল্পের শুরু ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার পর থেকে। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর ফলে পৃথিবীর সবাই ভুলে গেছে পিটার পার্কারের পরিচয়। নিজের পরিচয় গোপন রেখেই নিউইয়র্ককে রক্ষা করার দায়িত্ব পালন করতে হয় তাকে। কিন্তু সেই পথ মোটেও সহজ নয়। একাকীত্ব, মানসিক চাপ এবং এক নতুন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পাশাপাশি তার অতিমানবীয় ক্ষমতাতেও দেখা দেয় অপ্রত্যাশিত পরিবর্তন।
নির্মাতাদের ভাষ্য, এই কিস্তিতে দর্শকরা আগের চেয়ে আরও পরিণত, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন। তাই শুধু অ্যাকশন নয়, পিটার পার্কারের মানসিক পরিবর্তন ও ব্যক্তিগত সংগ্রামও ছবিটির গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি ‘শট ফর স্ক্রিনএক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারবেন, যা প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও নিমগ্ন করে তুলবে।
মুক্তির আগেই ছবিটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে বেশ জোরেশোরে।
সবকিছু মিলিয়ে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি নয়, মুক্তির পর আয়েও বড় সাফল্য পেতে পারে। আর আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি বড় পর্দায় দেখার সুযোগ পেয়ে বাংলাদেশের মার্ভেল ভক্তদের উচ্ছ্বাস যে আরও বেড়েছে, তা বলাই যায়।