তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রিত্ব ছাড়ার পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ পদে তিনি মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার পদত্যাগ গ্রহণ ও নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’
পদত্যাগ কার্যকর হওয়ার পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। নতুন দায়িত্বে থাকা অবস্থায় তিনি একজন মন্ত্রীর সমপর্যায়ের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে। বিএনপি সরকারের নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগের দিন শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে পার্থকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।’