আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ব্যবস্থা পুনর্বহালে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী-সম্পর্কিত বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় বাতিল করেছে এবং বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থাটি পুনর্বহাল হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এখন আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। তাঁর মতে, এবারের আয়োজন দেশে ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি এবং প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক তদারকির কারণে এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসব শেষ হয়েছে। আগামী বছরগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত ১৫ থেকে ১৭ বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার দেশকে সেই পরিস্থিতি থেকে মুক্ত করতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
এবার নাশকতা ঠেকাতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে। এতে নাশকতার পরিকল্পনা আগেই নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
দুর্গাপূজার আয়োজনের পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এবার সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকারি বরাদ্দ বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। আগে এ বরাদ্দ সর্বোচ্চ ৪ কোটি টাকা ছিল বলে জানান তিনি। এ ছাড়া প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ এবার সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন, যার মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি।
গোপালগঞ্জ সদরের খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু সদস্য টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। সংখ্যায় কম থাকায় পুলিশ আক্রান্ত হলেও ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
পার্বত্য অঞ্চলের সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাঁকে ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলবে।