দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতা অলি আহমেদ। রাজনৈতিক বিভক্তি ও দলীয় কিংবা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে নতুন রাষ্ট্রপতি দেশের সব নাগরিকের প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে অলি আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছি।’
এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবেও দেখছেন অলি আহমেদ। তার মতে, ৩৫ বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন নানা সীমাবদ্ধতা অতিক্রম করতে পেরেছে।
নতুন রাষ্ট্রপতির কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক বিভক্তি এবং দল বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে মির্জা ফখরুল সব নাগরিকের রাষ্ট্রপতি হবেন—এটাই প্রত্যাশা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন ১১ দলীয় জোটের এই নেতা। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন বলে জোটটি আশা করছে।
গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন অলি আহমেদ। তিনি বলেন, এসব বিষয়ে নতুন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ১১ দলীয় জোটের প্রত্যাশা।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন অলি আহমেদ।
মির্জা ফখরুলের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।