দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এর এক দিন আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় শপথ অনুষ্ঠানের সময়সূচি জানান চিফ হুইপ।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত বৈঠকে সরকারদলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সংসদ সদস্যদের ভোট চাওয়া হয়েছে বলে জানান নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, ‘সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ।’
ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর। তিনি গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
পরবর্তী সময়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাঁর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।