বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তদন্তের পরিধি বাড়ছে। সিসিটিভি ফুটেজ ও তদন্তসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে ‘দিশা’ নামে এক তরুণীকে গ্রেফতার করেছে নৌপুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের দিন তাহসিফের সঙ্গে ওই তরুণী ও মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের যোগাযোগ ছিল।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার একটি বারে প্রবেশ করেন তাহসিফ। কিছুক্ষণ পর পৃথক মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায়।
আরেকটি ফুটেজে রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা গেছে। অর্থাৎ, সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন তারা। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখান থেকে বের হওয়ার পর ওই তরুণীকে বাসায় পৌঁছে দিয়ে তাহসিফ ও দীপ টঙ্গীর দিকে রওনা হন। গ্রেফতার হওয়া দিশাই ওই তরুণী বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
এদিকে, এ হত্যা মামলায় গ্রেফতার দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। পরে দীপ একা ফিরে এলেও তাহসিফ আর ফেরেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যেও অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। এসব তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে দাবি পুলিশের।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার লিখিত অভিযোগে তিনি সরাসরি কাউকে অভিযুক্ত না করে ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তার বাবা থানায় হত্যা মামলা করেন।