কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে মেগা উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম মহেশখালী সফর।
রোববার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ১,৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
এ সময় মাতারবাড়ীতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত বিভিন্ন অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
মাতারবাড়ীর কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং নতুন ঘর হস্তান্তর কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহেশখালী ও মাতারবাড়ীতে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফর নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে।
সফরস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থাও সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।