সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে হতাহত হওয়ার এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিদের আঘাতের ধরন ও তীব্রতা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে সামান্য থেকে গুরুতর আহত ব্যক্তিরাও রয়েছেন।
এদিকে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
হুথি বাহিনী এবং সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
এর আগে গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এ ছাড়া ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশন থেকে কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নির্দেশ দেয়।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন কূটনৈতিক মিশন থেকেও কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতাও জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।