যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার তার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং এতে তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
বিবিসির ‘নিউজনাইট’কে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, “ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এটি খুব যন্ত্রণাদায়ক আর এটি অনেক দিক থেকেই অত্যন্ত দুর্বল করে দেয়।”
শুক্রবার অনলাইনে প্রকাশিত সাক্ষাৎকারের ভিডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শনিবার হান্টার বাইডেনের মন্তব্য নিয়ে ৮৩ বছর বয়সী জো বাইডেনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
হোয়াইট হাউস ছাড়ার প্রায় চার মাস পর ২০২৫ সালের মে মাসে বাইডেন জানান, তার প্রোস্টেট ক্যান্সারের একটি ‘আক্রমণাত্মক ধরন’ শনাক্ত হয়েছে। তখনই তিনি জানিয়েছিলেন, ক্যান্সারটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে।
পরবর্তী সময়ে অক্টোবরে বাইডেনের মুখপাত্র জানান, সাবেক প্রেসিডেন্টকে রেডিয়েশন চিকিৎসা ও হরমোন থেরাপি দেওয়া হচ্ছে।
বাইডেন ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার প্রেসিডেন্টের মেয়াদে শারীরিক অবস্থা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।
চলতি বছরের জুনে শিকাগোতে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।