সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সফল না ব্যর্থ—বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন প্রশ্নকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়েছে। প্রশ্নটির ধরন নিয়ে আপত্তি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফলতা-ব্যর্থতার এমন প্রশ্ন শাহবাগ ও পল্টনে করা যায়, সংসদে নয়। তার এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা আসন থেকে উঠে প্রতিবাদ শুরু করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।
অধিবেশনের শুরুতে সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, এই পরিস্থিতিতে তিনি নিজেকে সফল নাকি ব্যর্থ মনে করেন।
জবাব দিতে গিয়ে প্রশ্নটির ধরন নিয়েই আপত্তি তোলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ— এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’
হাসনাতের বক্তব্যকে প্রশ্নের বদলে ‘পল্টনের বক্তব্য’ হিসেবেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে গত ছয় মাসে সংঘটিত অপরাধের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন ঘটনা থাকলে বিরোধী দলের সদস্যদের সুনির্দিষ্ট উদাহরণ দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’
তার বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে উঠে প্রতিবাদ ও চিৎকার করতে থাকেন।
হট্টগোলের মধ্যে স্পিকারের হস্তক্ষেপ চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, সালাহউদ্দিন আহমদ সংসদে নিয়মিত তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এবং নিজেকে সংসদের শিক্ষক হিসেবে উপস্থাপন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা ভর্তি হবে, শিখবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংসদের পরিবেশ ও সৌন্দর্য ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। এ জন্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদের সৌন্দর্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে।’