সিরাতুন নবী (সা.) উপলক্ষে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত আন্তঃমাদরাসা হেফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন পরিচালিত জামিয়াতুল হেরা আল-ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে এ বাছাই পর্বের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পর্বে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ হেফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে কোরআনের হাফেজদের উৎসাহিত করা এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এর প্রকল্প পরিচালক শায়খ খালেদ সাইফুল্লাহ বকশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পরিচালক মাওলানা এ. এস. এম. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান উস্তাজ মাওলানা জাফর আহমদ মজুমদার। বক্তারা কোরআনের হাফেজদের সম্মান, কোরআন চর্চার গুরুত্ব এবং আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি ঢাকা উত্তর অঞ্চলের মাদরাসাসমূহকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। বাছাই পর্বে আল-হেরা কিডস হ্যাভেনের প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ পর্ব থেকে নির্বাচিত যোগ্য হাফেজরা পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।