বিএনপিকে ফ্যাসিবাদের দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এমন মন্তব্য করেন, তাঁদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাঁদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে।
সোমবার সকালে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তাঁদের আগে নিজেদের দলের গঠনতন্ত্র পড়ে দেখা উচিত। জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাঁরাই বিচার করবেন। তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও তাঁদের ভোটে বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে দলটি। তাই বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা ঠিক নয়।
মির্জা ফখরুল বলেন, ‘একবার নয়, বিএনটি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যাঁরা ফ্যাসিবাদের দল বলেন, তাঁদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাঁদের মাইন্ড সেটআপ ওইভাবে তৈরি হয়েছে।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত। বর্তমানে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলই প্রার্থী চূড়ান্ত করবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রার্থীদের যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এ সময় কৃষি খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে চায়। পাশাপাশি দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষিতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।
পরে রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় পল্লী উন্নয়ন একাডেমির সচিব, বিআরডিবির মহাপরিচালক, জেলা ও মহানগর বিএনপির নেতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।