দেশজুড়ে চলমান বন্যা ও পাহাড়ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। গত কয়েক দিনে অনেকেই বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারিণ বন্যাকবলিত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি লেখেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষ প্রাণ হারাচ্ছে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে মরদেহ, বহু পরিবারের ঘরে খাবার নেই, চারদিকে পানি জমে আছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও অনেককে পরীক্ষা দিতে ও কর্মস্থলে যেতে হচ্ছে।
একই পোস্টে তিনি তুলনামূলক নিরাপদ অবস্থানে থাকা মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান। ফারিণ বলেন, যাদের মাথার ওপর ছাদ আছে, ঘরে বিদ্যুৎ রয়েছে এবং প্রয়োজনীয় খাবারের অভাব নেই, তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত। পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই অভিনেত্রী।
তার এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্ত ও অনুসারী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি জানিয়েছেন এবং তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।