আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক যাতায়াতের সুযোগ থাকবে। তবে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করেছে সরকার। দ্বীপে যেতে প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, পর্যটক পরিবহনে অনুমোদিত জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর।
পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায় এবং এ-সংক্রান্ত পরিবেশগত ব্যবস্থাপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর। দ্বীপটির পরিবেশ রক্ষায় পর্যটক চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি নৌযান পরিচালনার ক্ষেত্রেও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সেন্টমার্টিনে পর্যটক চলাচলের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা নির্দেশনার অন্যান্য বিধানও বহাল থাকবে বলে জানানো হয়েছে।