সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের নির্ধারিত ছয় ম্যাচের সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিরিজটি আয়োজনের জন্য সময় ঘনিয়ে এলেও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে এখন সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা তিনটি টি-টোয়েন্টি।
তবে নির্ধারিত সময়ের মাত্র কয়েক সপ্তাহ আগে সিরিজটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ভারতের কাছ থেকে সিরিজ নিয়ে সাড়া পাওয়ার বিষয়ে তিনি নিশ্চিত নন।
ওই কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সব ঘটনার পর এখন সিরিজটি নিয়ে আমি সন্দিহান। অন্য পক্ষ থেকে সিরিজ নিয়ে কোনো সাড়া পাব বলে মনে হচ্ছে না। সত্যি বলতে, ২৮ আগস্টের মধ্যে বিষয়টি হওয়ার কথা ছিল। হাতে আর কত দিন আছে?’
সিরিজটি মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। এবারও বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নির্ধারিত সফরটি নিয়ে প্রশ্ন উঠেছে।
সিরিজটি আয়োজন নিশ্চিত করতে বিসিবি সভাপতি তামিম ইকবাল কাজ করছেন। বিসিবির প্রত্যাশা ছিল, ২৮ আগস্টের মধ্যে বিসিসিআইয়ের কাছ থেকে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অপেক্ষা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
দুই দেশের সম্পর্কের রাজনৈতিক টানাপোড়েনও ক্রিকেটীয় সূচির ওপর প্রভাব ফেলছে। ৫ আগস্ট দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এর পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানায়। ৮ আগস্ট ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এসব ঘটনাপ্রবাহের মধ্যেই ভারতের নির্ধারিত ক্রিকেট সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূচি অনুযায়ী সফরটি হলে বাংলাদেশের মাটিতে এটিই হবে ভারতের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ। আপাতত ছয় ম্যাচের সিরিজটি সূচিতে রয়েছে, কিন্তু ভারতের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসায় সফরটির বাস্তবায়ন এখনো নিশ্চিত নয়।