যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে ইউনূসকে লক্ষ্য করে একদল প্রবাসী বিভিন্ন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ বলে চিৎকার করা হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, পরিস্থিতির মধ্যে নিরাপত্তাকর্মীরা ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি।
তবে ইউনূসকে লক্ষ্য করে মন্তব্য করা ব্যক্তিরা কারা, তাঁদের পরিচয় কী এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত সম্পর্কেও স্পষ্ট তথ্য জানা যায়নি।