জৈনপুরী দরবার শরীফের নাম উচ্চারণে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর আয়োজন ও আন্তরিকতার প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
নিজের বক্তব্যে রাশেদ খান বলেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। বক্তব্যে উচ্চারণগত ভুল হলেও কাউকে অসম্মান করার কোনো অভিপ্রায় তাঁর ছিল না। বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
রাশেদ খান বলেন, তাঁর জানামতে, ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’—দুটো শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে তাঁর কাজের সম্পৃক্ততা সীমিত এবং পরিচিতি কম থাকায় অনিচ্ছাকৃতভাবে এ ভুল হয়েছে। ভবিষ্যতে শব্দ দুটি উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
বক্তব্যে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাশেদ খান বলেন, চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞ। ইসলামের খেদমতে আব্বাসীর প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
রাশেদ খান বলেন, ইসলামের খেদমতে আব্বাসী যে সংগ্রাম করে যাচ্ছেন, তাঁকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তাঁর কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তাঁর বিজয় অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।