সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তাঁর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনি। পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম প্যারোল মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার জন্য সাবেক মন্ত্রীকে প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তানি দিপাবলি নেওয়াজ কারাগারের ভেতরে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন। পরে কারাগার থেকে বেরিয়ে প্যারোলের আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে চার দিনের মুক্তি চাওয়া হলেও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে।
বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলের জন্য মুন্সীগঞ্জে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন দিপাবলি। দীপু মনির প্যারোলে মুক্তির পর তাঁর স্বামীর মরদেহ দাফন করার কথা রয়েছে।
সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।