পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার (১০ অক্টোবর) তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন মমতা। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ধর্নাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ তাঁদের অবস্থান কর্মসূচি থেকে সরে যেতে বলে। একই সঙ্গে ধর্না প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্য নেতারা সেখানে অবস্থান চালিয়ে যান।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়সহ সেখানে উপস্থিত তৃণমূল নেতাদের আটক করে পুলিশ। তাঁদের আটকের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।