বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলটির জেলা নেতারা। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি পুলিশ।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে তেল বা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। রাতের অন্ধকারে থাকায় ভিডিওতে তাদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার সকালে কার্যালয়ে গিয়ে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন বলে জানান বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ। তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে অত্যন্ত ন্যক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও সুনির্দিষ্ট কারও নাম জানাননি সুলতান মাহমুদ। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দলটিকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা।
এদিকে, বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।