তিতুমীর কলেজ ছাত্রদলের পরবর্তী কমিটির নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২০০৯-১০ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
ঈদের পর নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে আয়োজিত ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রমে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ভিপি, সভাপতি ও বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হিরা ও রেজওয়ানুল হক সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, তিতুমীর কলেজ ছাত্রদলের আগামী দিনের নেতৃত্বে যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের সম্পৃক্ততা ও ত্যাগকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই ফরম সংগ্রহের এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। ফরম জমা দেওয়া নেতাকর্মীদের সাংগঠনিক ভূমিকা ও অভিজ্ঞতা বিবেচনা করে পরবর্তী ধাপে নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
নেতাকর্মীদের অংশগ্রহণে এ কার্যক্রমকে ঘিরে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। সংগঠনটির নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি কার্যকর কমিটি গঠনের মধ্য দিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে