পাবনায় আবারও পুলিশের হাতে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আবদুল ওহাব। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁকে আরও ১৪ জনের সঙ্গে আটক করা হয়।
পুলিশের দাবি, শহরে নাশকতা সৃষ্টি এবং মিছিলের প্রস্তুতি নিতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে করে তাঁরা ওই এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আবদুল ওহাব এর আগেও একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তবে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। পরে ৫ ফেব্রুয়ারি তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
জামিনে মুক্তির পর আবদুল ওহাব ও তাঁর সমর্থকেরা সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।
এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সে সময় আবদুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীকে আটক করা হয়। কয়েক সপ্তাহ পর তাঁরা জামিনে মুক্তি পান।