ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
রিমান্ড শুনানিতে নিজের বিরুদ্ধে করা মামলাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন আখতারুজ্জামান। তিনি আদালতকে বলেন, থানায় মামলা রুজু হওয়ার আগেই ডিবি পুলিশ তাঁর বাসায় হাজির হয়েছিল।
আদালতে নেওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। দুপুরে প্রিজন ভ্যান থেকে নামার পর মাথার হেলমেট ছুড়ে ফেলেন আখতারুজ্জামান। এদিকে আদালত চত্বরে জামায়াতের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর এক দিন আগে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।
মামলার এজাহারে ঘটনার সূত্রপাত হিসেবে উল্লেখ করা হয়েছে লাগেজ পেতে যাত্রীদের বিলম্বের বিষয়টি। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় পর্যাপ্ত ট্রলি না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি দেখতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এজাহারের অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। এ সময় তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।