রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। আলোচিত এই তাণ্ডবের মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্য দিয়ে এই ঘটনায় মোট চারজনকে আইনের আওতায় আনল আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ারকে আটক করা হয়। গণমাধ্যম এনটিভি অনলাইনের কাছে পুলিশের এই সফলতার তথ্য নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বিকালে তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিছুক্ষণ আগেই বেইলি রোড থেকে ঘটনার মূল হোতা শাহরিয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।
নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমানের ওই স্টুডিও এবং সংশ্লিষ্ট জমিতে ব্যাপক তাণ্ডব চালানোর ঘটনায় এর আগেই আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে গ্রেপ্তার করেছিল। প্রথম দফায় গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি হলেন— ভাসানটেক বস্তি এলাকার বাসিন্দা মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। সর্বশেষ শাহরিয়ারকে আটকের মাধ্যমে হামলার ছক কষা মূল হোতাও পুলিশের জালে ধরা পড়ল।