ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশনা অমান্য করে প্রচার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব এবং এ বিষয়ে কোনো ব্যত্যয়ের সুযোগ নেই।
ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ৫ আগস্ট শেখ হাসিনা বিদেশে অবস্থান করে কোনো বক্তব্য দিলে এবং তা আদালতের নির্দেশ অমান্য করে প্রচার করা হলে সেটি আদালতের আদেশ লঙ্ঘনের আওতায় পড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। আদালতের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।