দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সপ্তাহের মাঝামাঝি সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। তখন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্য বিভাগগুলোর অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার ও রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়জুড়ে বৃষ্টিপাতের কারণে আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও স্থানীয়ভাবে ভারি বর্ষণের কারণে জলাবদ্ধতা বা স্বল্পমেয়াদি দুর্ভোগের সৃষ্টি হতে পারে।