| ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে জাপানের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগেও জাপানের সহযোগিতা কামনা করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের তথ্য নিশ্চিত করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো গেলে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক এবং গাড়িচালক নিয়োগে জাপান উদ্যোগ নিতে পারে। এ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্প পার্কের মতো আরও একটি শিল্প পার্ক গড়ে তুলতে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি এবং অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান। জাপানের প্রতিনিধিদলে ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।