প্রকাশ : ... | ... | ...

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সালা উদ্দিন সুমন (৪৮) ও মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৬ অক্টোবর ভুক্তভোগী শামসুল ইসলাম রিকশায় করে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে অটোরিকশায় আসা ৩ থেকে ৪ জন ব্যক্তি তার রিকশার গতিরোধ করেন। এ সময় অটোরিকশার চালকসহ ওই ব্যক্তিরা তাকে কিল-ঘুষি মেরে আহত করেন এবং ধারালো ছুরির ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় সুমন ও সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।