প্রকাশ : ... | ... | ...

সাকিব আল হাসানের মাগুরার বাড়ির গেটে আগুন, তদন্তে পুলিশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়ির প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রাতে মাগুরা শহরের বাড়িটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতের দিকে মোটরসাইকেলে করে তিন থেকে চারজন ব্যক্তি বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের সামনে এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আব্দুল আল মামুন বলেন, ‘কয়েকজন লোক মোটরসাইকেলে এসে বাড়ির গেটে আগুন ধরিয়ে চলে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়।’ তিনি বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করে জানান, এ ঘটনায় কেউ আহত হননি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ বোমা নিক্ষেপের ঘটনা অস্বীকার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেগুলো ককটেল বিস্ফোরণের শব্দ ছিল।