| ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে ওই ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় তিন যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। অভিযানে মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ আটক করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। অন্য যাত্রী বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজে পাওয়া যায় ১৮৬ কার্টন বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ। কাস্টমস গোয়েন্দার হিসাবে, তিন যাত্রীর কাছ থেকে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।