| ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি। সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। পরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাকা দুই বিমানকর্মীর ওপর নজরদারি করা হয়। ইকে-০৫৮২ ফ্লাইটটির ওই দুই কর্মীর জুতার ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণের বার লুকানো ছিল। তল্লাশি চালিয়ে তাদের জুতা থেকে মোট ৮০টি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ ৯ দশমিক ৩৪ কেজি বলে জানিয়েছে সিআইআইডি। স্বর্ণগুলো কীভাবে বিমানকর্মীদের কাছে পৌঁছেছে, কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়ার কথা ছিল—এসব বিষয় এখন তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। চোরাচালানের সঙ্গে আরও কারা জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।