| ছবি: সংগৃহীত
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক যুবককে শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ। চুরি যাওয়া ব্যাগ উদ্ধার ও তাকে গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উইবার স্টেশনে অবস্থান করার সময় তার ব্যাগটি চুরি যায়। খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে যায় সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করা হয়। ফুটেজ বিশ্লেষণে পুলিশ দেখতে পায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে ওই জার্মান নাগরিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ফেলেন। এরপর সেখান থেকে দ্রুত চলে যান। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তারের পাশাপাশি ব্যাগটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই ব্যাগটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।