| ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র্যাব তাকে আটক করে পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করে। গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়্যারলেস মুরগি ফার্ম এলাকার বাসিন্দা। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী জয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই র্যাব তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই বিয়ের আশ্বাস দিয়ে জয় ওই তরুণীকে বাসা থেকে বের করে চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগের বিষয়টি দল জেনেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার সময়কাল ও ঘটনাপ্রবাহ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।