| ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে একটি স্বর্ণের দোকানে দিনের বেলায় ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এখনো দোকান মালিকের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার সময় দোকানে থাকা দোকান মালিক ও দুই ক্রেতাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্র হাতে দোকানটিতে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকেশ্বরী এলাকায় দোকানটিতে এ ঘটনা ঘটে। দোকানের ভেতরে থাকা স্বর্ণালংকারের মধ্যে প্রায় চার ভরি স্বর্ণ, রুপা এবং নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা। ডাকাতির পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ এখন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে।