| ছবি: সংগৃহীত
পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন এবং চাঁদা আদায়ের অভিযোগে কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুর রহমান সাকিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাকিবকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের ঘটনা ঘটে পটুয়াখালী শহরের বসাক বাজার এলাকায়। সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরকে সেখান থেকে সাইফুর রহমান সাকিব ও ছাত্রদলের আরেক কর্মী সিয়াম তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মনিরকে রাতভর অমানবিক নির্যাতন করা হয়। পরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি দামি স্মার্টফোনও নিয়ে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। টাকা ও ফোন নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাইফুর রহমান সাকিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় ছাত্রদল। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।