| ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশ দিয়ে দীর্ঘ লাইনে নারী-পুরুষ অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে কলেজের পেছনের সীমানা প্রাচীর ভেঙে তাদের ওপর ধসে পড়ে। দেয়াল ধসের পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বরের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।