প্রকাশ : ... | ... | ...

সাভারে মসজিদের মাঠে শক্তিশালী বোমা, নিষ্ক্রিয়করণের সময় বিকট শব্দ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পাওয়া প্রেশারকুকারে শক্তিশালী বোমার সন্ধান মিলেছে। বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়। বেলা পৌনে ২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা জনশূন্য করার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পর বিকেল ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। বেলা পৌনে ২টার দিকে ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। এটা অনেক ক্ষমতাসম্পন্ন একটি বোমা। এ বিষয়ে ঊর্ধ্বতন কমকর্তারা বিস্তারিত ব্রিফ করবেন।’ নিষ্ক্রিয় করার শব্দে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী নিবীর হোসেন বলেন, ‘এত শক্তিশালী বোমা, তা জানা ছিল না। যখন নিষ্ক্রিয় করা হয়, তখন বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’ এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামের ভেতর ছিল কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রেশারকুকারটি পরীক্ষা করে সেটিকে বোমা হিসেবে শনাক্ত করে এবং পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়। এখন কারা এবং কী উদ্দেশ্যে বোমাটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।