| ছবি: সংগৃহীত
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৯৮ টাকা করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার প্রকাশ করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের এক হাজার ৫২৮ টাকা থেকে বেড়ে এক হাজার ৫৯৮ টাকায় পৌঁছেছে। এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। আগস্ট মাসে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। জুলাই মাসে এ দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা। ফলে লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে ৩ টাকা ২৭ পয়সা। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য এবং ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনা করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের সমন্বিত মূল্য নির্ধারণ করা হয়।