| ছবি: সংগৃহীত
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে থাকা কমিটিগুলো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাগুলোকে বিদ্যমান এসব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকার ৯৮টি কমিটি পুনর্গঠনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন স্থানীয় পর্যায়ের অন্যান্য বিদ্যমান কমিটিও হালনাগাদ করতে বলা হয়েছে। পুনর্গঠনের ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক। কমিটির সভাপতি বা আহ্বায়ক এই তিন সদস্যকে মনোনয়ন দেবেন। একই সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর্যালোচনায় দেখা গেছে, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলোর অধিকাংশই কয়েক বছর আগের। ফলে বর্তমানে অনেক কমিটি হালনাগাদ অবস্থায় নেই। কিছু কমিটির ক্ষেত্রে প্রজ্ঞাপন ও কার্যক্রম-সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠন ও সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী পুনর্গঠন ও হালনাগাদের পুরো প্রক্রিয়া শেষ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে হবে। দীর্ঘদিন পর সরকারের বিভিন্ন স্তরের এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব, সমন্বয় ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।